Somoy TV
ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ পেরিয়ে দুই বছর হয়ে গেলেও অপারেশন নিয়ে এখনও আলোচনার মধ্যেই রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পুরানো সিদ্ধান্ত অনুযায়ী, সরকার জাপানকেই পরিচালনার দায়িত্ব দিতে বদ্ধপরিকর। সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিকভাবে লাভজনক অবস্থান বজায় রেখেই সরকার সিদ্ধান্ত নেবে। তবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি এড়াতে ওপেন টেন্ডারের গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।আকর্ষণীয় নির্মাণশৈলী আর অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ২০২৪ সালের শেষের দিকে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। অপারেটর নিয়োগের জন্য তৎকালীন আওয়ামী সরকার প্রাথমিক চুক্তি করেছিল বিনিয়োগকারী দেশ জাপানের সঙ্গে। তবে টার্মিনাল পরিচালনায় বিশ্ব স্বীকৃতি না থাকায় এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। ২০২৪ সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর নতুনভাবে পর্যালোচনা করে অন্তরবর্তী সরকার সিদ্ধান্ত নেয়, তৃতীয় টার্মিনাল পরিচালনায় যোগ্য অপারেটর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রায় দেড় বছরে তা বাস্তবায়নে ব্যর্থ হয় ইউনূস সরকার। বর্তমানে বিএনপি সরকার আলোচনা করছে সেই জাপানের সঙ্গেই। উচ্চ ব্যয়ে পরিবর্তন এনে জাপান সংশোধিত প্রস্তাব দিয়েছে। তবে দেরি না করে যে কোনো মূল্যে উভয়ের স্বার্থ ঠিক রেখে নতুন টার্মিনালে অপারেশন চালুর আশা করছে সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ন্যাশনাল ইন্টারেস্ট এবং এভিয়েশন সেক্টরের অর্থনৈতিক স্বার্থের শর্তগুলো পূরণ হচ্ছে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে। আরও পড়ুন: জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার: বিমানমন্ত্রী ঢাকার নতুন এই টার্মিনাল পরিচালনায় আগ্রহী অনেক বিশ্বস্বীকৃত প্রতিষ্ঠান রয়েছে। বিপরীতে, এয়ারপোর্ট পরিচালনায় অভিজ্ঞতা কম থাকা জাপানকে কেন নিয়ে আসছে সরকার, তা নিয়ে প্রশ্ন তুলছেন খাত সংশ্লিষ্টরা। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মফিজুর রহমান বলেন, জাপানের কোনো আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার অভিজ্ঞতা নেই। বিশ্বের নামকরা অপারেটররা এখানে আসতে প্রস্তুত। আমরা কেন তাদের সুযোগ দিচ্ছি না? ঝুঁকি না নিয়ে অর্থনৈতিক স্বার্থে উন্মুক্ত টেন্ডারে অপারেটর নিয়োগের তাগিদ দিয়েছেন মো. মফিজুর রহমান। তিনি আরও বলেন, বিনা টেন্ডারে জাপানকে দেয়া হলে দেশের স্বার্থে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে, গুঞ্জন রয়েছে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধিপত্য হারতে পারে। নতুন করে এই দায়িত্ব নেয়ার জন্য যুক্তরাষ্ট্র জোর চেষ্টা করছে।
Go to News Site