Somoy TV
শুধু সাফে সীমাবদ্ধ থাকতে চান না সুলিভান ব্রাদার্স। এই দুই ভাই বাংলাদেশকে নিয়ে যেতে চান অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে। এদিকে, বাংলাদেশের সমর্থকদের সেরা ফ্যান হিসেবে আখ্যায়িত করেছেন রোনান ও ডেক্লান সুলিভান। সমর্থকদের টানে বার বার বাংলাদেশে ফিরে আসার কথা সময় সংবাদকে জানিয়েছেন আলোচিত সুলিভান ব্রাদার্স।এই দেশে জন্ম হয়নি তাদের। বাংলাদেশের আলো বাতাসেও বেড়ে উঠেননি তারা। তবুও এই দেশের লাল-সবুজের এই দেশটার ওপর বিশেষ আবেগ কাজ করে আলোচিত সুলিভান ব্রাদার্সের। নানির সূত্রে বাংলাদেশের শেকড়ের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার এসেই মন জয় করে নিয়েছেন দেশের ফুটবল ভক্তদের। লাল-সবুজদের হয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক সাফে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রোনান ও ডেক্লান সুলিভান। তবে তাদের লক্ষ্যটা আরও বড়। শুধু সাফেই সীমাবদ্ধ থাকতে চান না তারা। বাংলাদেশকে নিয়ে জেতে চান অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের মূল মঞ্চে। এ বিষয়ে রোনান সুলিভান বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলেছি। আমি বাংলাদেশে এসেছি শুধু জয়ের জন্য। সাফের শিরোপা দিয়ে যার শুরুটা হয়েছে। আমি এদেশের হয়ে আরও অনেক শিরোপা জিততে চাই। আপাতত আমার লক্ষ্য, বাংলাদেশকে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যেতে চাই।’ আরও পড়ুন: ফিলাডেলফিয়া ইউনিয়নের ফেসবুকে বাংলাদেশের সাফ জয়ের মুহূর্ত মালদ্বীপের পর বাংলাদেশে এসেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুলিভান ব্রাদার্স। বাংলাদেশের সমর্থকদের বিশ্বের সেরা ফ্যান হিসেবে আখ্যায়িত করেছেন ডেক্লান সুলিভান। আর এই সমর্থকদের টানেই বার বার আসতে চান রোনান। ডেক্লান সুলিভান বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশে আপনি এমন সমর্থক খুঁজে পাবেন না। এই ফ্যানরা আসলেই দারুণ। মালদ্বীপের মতো তারা এখানেও আমাদের সমর্থন দিতে ছুটে এসেছে। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই সমর্থকদের জন্য বারবার আসতে চাই। তারা আমাকে অনেক অনুপ্রাণিত করে। সাহস যোগায় তাদের জন্যই আমি খেলতে এসেছি।’ আরও পড়ুন: দুই ভাই মাঠে, হাজার মাইল দূরে টিভির সামনে দুজন— বাংলাদেশের জয়ে সুলিভান পরিবারে উল্লাস আপতত ডিউটি শেষ হওয়ায় দেশে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দুই ভাই। তবে বাংলাদেশের ডাকে যেকোনো সাড়া দিতে প্রস্তুত তারা।
Go to News Site