Jagonews24
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের অবস্থান, গতিবিধি ও তাদের অস্ত্রশস্ত্র সম্পর্কিত নির্ভুল তথ্য সংগ্রহ করছে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো। সংগৃহীত এই তথ্য নিয়ে ব্যাবসাও শুরু করেছে চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। এই তথ্য সংগ্রহে সত্য ছবির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে। রোববার (৫ এপ্রিল) এ তথ্যযুদ্ধ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির মতে, বেসরকারি চীনা কোম্পানিগুলো ওপেন সোর্স থেকে পাওয়া তথ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তি যুক্ত করে যুক্তরাষ্ট্রের সেনাদের গতিবিধি আরও নির্ভুলভাবে শনাক্ত করছে এবং সেই তথ্য বিক্রি করছে। দ্য ওয়াশিংটন পোস্ট-এর উদ্ধৃতি অনুযায়ী, আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট-এর রায়ান ফেদাসিউক বলেন, আমার ধারণা, তারা জিলিন স্যাটেলাইট কনস্টেলেশনের মতো প্রকৃত তথ্য সংগ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ ছবি কিনছে, যা চীন পরিচালনা করে। এর আগে ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ২৭ মার্চ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, চীনের বৃহত্তম চিপ নির্মাতা কোম্পানি সেমিকন্ডাক্টর মেনুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এস এম আই সি) ইরানের সামরিক খাতে চিপ তৈরির যন্ত্রপাতি পাঠিয়েছে। চীনের এই কোম্পানিটি প্রায় এক বছর আগে থেকেই এই যন্ত্রপাতি ইরানে পাঠানো শুরু করে। এতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে চীনের ভূমিকা স্পষ্ট হওয়ার দাবি করা হয়েছে। কেএম
Go to News Site