Somoy TV
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। সবশেষ তথ্য মতে, অন্তত নিহত ৫ এবং আরও অন্তত ১৭০ আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।শনিবার (৪ এপ্রিল) মাহশাহর স্পেশাল ইকোনমিক জোনের অন্তত ছয়টি কারখানায় এই হামলা চালানো হয়। এদিন ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় মাহশাহর ও বন্দর ইমাম স্পেশাল পেট্রোকেমিক্যাল জোনে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংবাদ সংস্থাটি প্রাদেশিক নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নরের বরাত দিয়ে জানায়, হামলায় ফজর, রেজাল এবং আমির-কবির পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু ছিল। বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও আমির-কবির স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ রোববার (৫ এপ্রিল) ইরানের খুজেস্তান প্রদেশের এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানায়, হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৭০ জন। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে এবং অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন হামলা ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, হামলায় দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ হাজার ৫০০ জন। জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় অন্তত ২৪ জন ইসরাইলি নিহত এবং ৬ হাজার ৫৯৪ জনেরও বেশি আহত হয়েছেন।
Go to News Site