Somoy TV
ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ। এটি বেহেশতের চাবি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এছাড়াও ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ১৭ রাকাত ফরজের পাশাপাশি ১২ রাকাত সুন্নত নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ। মহান আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এ নামাজগুলো আদায় করতেন। এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنًّ بَيْتٌ فِي الْجَنَّةِ অর্থ: যে ব্যক্তি প্রতিদিন ও রাতে বারো রাকাত নামাজ আদায় করবে, তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। (মুসলিম: ৭২৮) আরও পড়ুন: স্বপ্নে নবীজিকে দেখার আমলতিরমিজির বর্ণনায় বিস্তারিত উল্লিখিত রয়েছে ওই ১২ রাকাত নামাজ কখন কীভাবে আদায় করতে হবে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمغرب وَرَكْعَتَيْنِ بعد الْعشَاء وَرَكْعَتَيْنِ قبل صَلَاة الْفَجْرِ অর্থ: চার রাকাত জোহরের ফরজের আগে, দুই রাকাত জোহরের ফরজের পরে, দুই রাকাত মাগরিবের ফরজের পরে, দুই রাকাত ইশার ফরজের পরে আর দুই রাকাত ফজরের ফরজের আগে আদায় করতে হবে। (তিরমিজি: ৪১৫) এ ১২ রাকাত সুন্নত নামাজের মধ্যে জোহরের চার রাকাত ও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ফরজ নামাজের আগে আদায় করতে হয়। এর মধ্যে ফজরের সুন্নত নামাজ জোহরের সুন্নত নামাজের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ফজরের আগের দুই রাকাত সুন্নত নামাজের বিশেষ ফজিলত ও গুরুত্ব আলাদাভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, لا تَدَعوا ركعَتَيِ الفَجرِ وإنْ طرَدَتْكم الخَيْلُ অর্থ: যদি সৈন্যবাহিনী তোমাদের তাড়া করে, তবুও ফজরের সুন্নত ছেড়ে দিও না। (মুসনাদে আহমদ: ৯২৫৩) এ কারণে ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় ফরজ নামাজের ইকামত শুরু হয়ে গেলে সুন্নত নামাজ শেষ করে জামাতে শরিক হতে হবে। ইকামত ও জামাত শুরু হওয়ার পরও ফজরের সুন্নত নামাজ শুরু করা যায়। ইকামত বা জামাত শুরু হয়ে গেলে এবং সুন্নত পড়লে প্রথম রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে তারপর জামাতে শরিক হওয়া উচিত। ইমাম তাহাবি (রহ.) তার ‘শরহু মাআনিল আসার’ কিতাবে উল্লেখ করেছেন, আবু দারদা (রা.) ফজরের সময় মসজিদে প্রবেশ করে লোকজনকে ফজরের জামাতে কাতারবদ্ধ পেলেও মসজিদের এক কোণে দাঁড়িয়ে সুন্নত পড়তেন, তারপর জামাতে শরিক হতেন। (শরহু মাআনিল আসার: ১/২৫৬) আরও পড়ুন: ‘জাজাকাল্লাহু খাইরান’ অর্থ ও বলার নিয়মজোহরের ফরজ নামাজের ইকামত শুরু হলে আর সুন্নত নামাজ শুরু করা যাবে না। জোহরের চার রাকাত সুন্নত আদায়ের সময় যদি ফরজের ইকামত শুরু হয়ে যা্য়, তাহলে সুন্নতের প্রথম বা দ্বিতীয় রাকাতে থাকলে দুই রাকাত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হতে হবে। আর তৃতীয় বা চতুর্থ রাকাতে থাকলে চার রাকাত পূর্ণ করে জামাতে শরিক হতে হবে। উল্লেখ্য, সুন্নত নামাজ পড়ার আগে জামাতের সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়া উচিত। যাতে এ ধরনের সমস্যায় পরতে না হয়।
Go to News Site