Somoy TV
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে জর্ডানে গত পাঁচ সপ্তাহে আকাশ থেকে পড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়া নিউজ।এক সংবাদ ব্রিফিংয়ে পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের মুখপাত্র কর্নেল আমের আল-সারতাউই নিশ্চিত করেন,আহত সবাই সামান্য আহত হয়েছিলেন এবং চিকিৎসা নেয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি আরও জানান, উত্তেজনা শুরুর পর থেকে ৫৯টি বাড়ি এবং ৩১টি যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সরকারি সম্পত্তিতে ১৬টি ঘটনার প্রভাব পড়েছে। আল-সারতাউই বলেন, ২৮ জন আহতের বেশিরভাগই আকাশ থেকে পড়া বস্তুগুলোর কাছে যাওয়া বা সেগুলো নাড়াচাড়া করার কারণে আহত হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, দুর্ঘটনাস্থলে ভিড় করা ঝুঁকিপূর্ণ এবং নিরাপত্তা বাহিনীর কাজেও বাধা সৃষ্টি করে। আরও পড়ুন: ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা, নিহত বেড়ে ৫, আহত ১৭০ ডিরেক্টরেট অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা শিশুদের অজানা বস্তুর কাছে না যেতে সতর্ক করেন এবং ঘরে বসেই নিরাপত্তা সচেতনতা বাড়ান। পাশাপাশি নাগরিকদের সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। ইরানে চলমান ইসরাইলি-মার্কিন সামরিক আগ্রাসনে জর্ডান মূলত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করছে। তারা নিজেদের আকাশসীমা দিয়ে অতিক্রম করা বা সম্ভাব্যভাবে নিজেদের ভূখণ্ডে আঘাত হানতে পারে—এমন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। অবশ্য জর্ডান সরকার এই পদক্ষেপকে ‘মূলত নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার অংশ’ হিসেবে তুলে ধরছে। দেশটির সেনাবাহিনী শনিবার এক ঘোষণায় জানিয়েছে যে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। আরও পড়ুন: যুদ্ধ শুরুর পর ইরানের ৭৬৩টি স্কুলে মার্কিন-ইসরাইলি হামলা জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মুস্তফা আল-হিয়ারি জানান, জর্ডানকে লক্ষ্য করে ২৮১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল, যার মধ্যে ২৬১টি দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
Go to News Site