Jagonews24
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় আত্মসমর্পণ করা দুই আসামিকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। জামিন পাওয়া দুজন হলেন ঢাবির ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু রায়হান ও রেদোয়ানুর রহমান পারভেজ। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে, একই মামলায় গত ১৫ মার্চ মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাশেদ কামাল অনিক আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। এ মামলায় গত ১০ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করে। এতে ২৮ জনকে আসামি করা হয়। যাদের মধ্যে ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। পরে তাকে হলের অতিথি কক্ষে নিয়ে মোবাইল চুরির অভিযোগে মারধর করা হয়। পরবর্তীতে তোফাজ্জল হোসেনকে মানসিকভাবে অসুস্থ বুঝতে পেরে ক্যানটিনে খাবার খাওয়ানো হলেও শেষে হলের দক্ষিণ ভবনের একটি কক্ষে নিয়ে হাত বেঁধে লাঠি, স্ট্যাম্প ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। রাতের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় মামলা করেন। পরে ৩০ ডিসেম্বর তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। তবে তদন্তে অসন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নারাজি দিলে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম নতুন করে তদন্ত চালিয়ে আরও সাতজনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই ঘটনায় নিহতের ফুফাতো বোন মোছা. আসমা আক্তার পৃথক একটি মামলার আবেদন করলে আদালত সেটিকেও মূল মামলার সঙ্গে একত্রে তদন্তের নির্দেশ দেন। তোফাজ্জল হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের বাসিন্দা। তিনি বরিশাল বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করলেও দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এমডিএএ/একিউএফ
Go to News Site