Somoy TV
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এ কথা জানান তিনি।ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। হতাহত হচ্ছে বহু মানুষ। খারকিভ অঞ্চলে একাধিক শহর ও গ্রামে সামরিক অভিযানে প্রাণহানি ঘটেছে, সুমি অঞ্চলে ড্রোন নিক্ষেপ করলে শিশুসহ আহত হন অনেকে। দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোলে একটি বাজারে ড্রোন আঘাতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। দোনেৎস্কেও প্রাণহানির খবর মিলেছে। ইউক্রেনের দাবি, একরাতে প্রায় তিন শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া, যার বেশিরভাগই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কিছু ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে, রাশিয়ার রোস্তভ অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। যেখানে হতাহত ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আজভ সাগরে একটি কার্গো জাহাজেও আগুন লাগে। আরও পড়ুন: যুদ্ধের মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া রাশিয়ার এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরদোয়ান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন। জেলেনস্কি জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। ‘যেকোনো ফরম্যাটে’ নেতাদের পর্যায়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায় কিয়েভ। জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথকে সক্রিয় করার ওপর জোর দিচ্ছে ইউক্রেন।
Go to News Site