Jagonews24
দেশজুড়ে ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। তবে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সদর- ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময়ে শিশুদের নিয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েন টিকা দিতে আসা মায়েরা। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় ইসলামিয়া ফাজিল মাদরাসায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এদিকে টিকাদান কার্যক্রমে আসতে বিলম্ব হওয়ায় অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, আমার আসতে এখানে দেরি হয়েছে। মা-বোনেরা বাচ্চাদের নিয়ে এসেছেন, আপনাদের কষ্ট হচ্ছে এ জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিকসহ সবার কাছে আমার সবিনয় আবেদন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এসময় অনেকেই শিশুদের কোলে নিয়ে টিকা দিতে আসেন। নিলুফা আক্তার নামে একজন বলেন, খবরে দেখি- হামে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। শিশুরা মারাও যাচ্ছে। আমার দুই বছর বয়সী আদিয়াকে টিকা দেওয়া হয়নি। এমতাবস্থায় আতঙ্কিত হয়ে যথাসময়ে বাচ্চাকে কোলে নিয়ে টিকা দিতে এসেছি। তবে আমাদের সংসদ সদস্য দেরিতে এসে টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন। এতে টিকা কার্যক্রম বিলম্বে শুরু হয়। এসময় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক সৈয়দ আবু আহাম্মেদ শাফী বলেন, দেশে সম্প্রতি হাম ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও সমভাবে সারাদেশে ছড়ায়নি। আমাদের বিভিন্ন উপজেলার ৩০টি এলাকাকে আমরা রেড জোন হিসেবে চিহ্নিত করেছি। এই টিকা সারা দেশেই দেওয়া হবে। রেড জোন হিসেবে আজ থেকে প্রায়োরিটি বেজড দেওয়া হচ্ছে। ময়মনসিংহের তিনটি উপজেলাকে আমরা রেড জোন হিসেবে নিয়েছি। তিনটি উপজেলায় প্রায় ১ লাখ ৬৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ১ লাখ ৭৫ হাজার টিকা সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ, ইউনিসেফের আঞ্চলিক প্রধান ডা. আলমগীর হোসেন, সার্ভেইলেন্স অফিসার তারিক তপু প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রোববার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় এই টিকাদান কার্যক্রম সকাল থেকে শুরু হয়। কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম
Go to News Site