Somoy TV
জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (৫ এপ্রিল) সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করে চায়। ৭১ এর সঙ্গে কিছুরই তুলনা চলে না। ৭১ এর সংবিধান কেন ভালো লাগে না, আমরা বুঝিতো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয়গাঁথা। কারো কারো কাছে, পরাজয়ের গ্লানি। আমি সেই পথে যাবো না। জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, চলুন, কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ বের করি। বিরোধীদলীয় নেতা মিলেমিশে কাজ করার কথা বলেছেন। ওয়েলকাম জানাই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সনদে লেখা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা এটি চাই। বিরোধীদল চায় কিনা, জিজ্ঞেস করেন। আরও পড়ুন: সংস্কারের ঘোড়াকে লাগাম পরাতে চায় বিএনপি, সংসদে আখতার হোসেন বিরোধীদলের উদ্দেশে তিনি আরও বলেন, জামায়াত আমির গণঅভ্যুত্থান বলেছেন, কেউ কেউ বিপ্লব বলতে বলতে ফ্যানা তুলে ফেলেন। জুলাই সনদে কোথাও বিপ্লবের কথা নেই। আমরা বক্তব্য দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণের ওপর। সংবিধান মেনে সবই হচ্ছে। আবার সংবিধান মানি না, এটি শুনতে চাই না। এ সময় এনসিপি ও ঐকমত্য কমিশনের সমালোচনা করে বলেন, সবাই স্বাক্ষর করেছে, তবে এনসিপি নির্বাচনের পর করেছে। রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও সনদে ঐকমত্য কমিশন অনেককিছু আনেনি। আরও পড়ুন: ‘সংস্কার’ এবং ‘সংশোধন’ শব্দে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, সংসদে পার্থ সংবিধান ছুড়ে ফেলে দেয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, রূপক অর্থে ছুড়ে ফেলে দেয়ার কথা বলেছিলেন, বেগম খালেদা জিয়া। পঞ্চদশ সংশোধনী উদ্দেশ্য করে ছুড়ে ফেলার কথা বলেছিলেন তিনি। তা তো ছুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে বিএনপি কথা বলেছে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না। তিনি জানতেন, বেগম খালেদা জিয়া বা তাকে মানুষ প্রধানমন্ত্রী বানাবেন। তারপরও তার নির্দেশনায় আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে বিরোধীদল কি প্রশংসা করবে না, টেবিল চাপড়ে সমর্থন দেবে না, প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ। আরও পড়ুন: সংসদ গ্যালারিতে থাকা জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই। কিন্তু সার্বভৌম বিচার ব্যবস্থা চাই না। সার্বভৌম জনগণ, দেশ এবং সংসদ।
Go to News Site