Somoy TV
পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি এই সিদ্ধান্তকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ‘অযাচিত হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এই প্রতিবাদ জানান।বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ বলেন, মঙ্গল শোভাযাত্রা কেবল একটি নাম নয়, বরং এটি বাঙালির সার্বজনীন ঐক্যের প্রতীক। গত শতকের আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যে শোভাযাত্রার সূচনা হয়েছিল, তা ২০১৬ সালে ইউনেস্কোর 'বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি পায়। এই ঐতিহ্যের নাম বারবার পরিবর্তনের চেষ্টা মূলত ইতিহাস ও সাংস্কৃতিক ধারাবাহিকতাকে অস্বীকার করার শামিল।সরকার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে উদীচী বলেছে, কোনো রাজনৈতিক বা ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করা সাংস্কৃতিক সংগঠনের কাম্য নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সংস্কৃতি কখনোই রাজনৈতিক সুবিধাবাদ বা ধর্মীয় সংকীর্ণতার কাছে নতজানু হতে পারে না। ‘মঙ্গল’ শব্দটি অশুভের বিরুদ্ধে শুভের জয় এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক। এটি অপসারণের অর্থ আমাদের সাংস্কৃতিক ভিত্তিকেই দুর্বল করে দেওয়া।’’উদীচী শিল্পীগোষ্ঠী অবিলম্বে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি পুনর্বহাল করার জোর দাবি জানিয়েছে। তারা মনে করে, বাংলাদেশের বহুত্ববাদ ও সহনশীলতার যে সংস্কৃতি বিশ্বে সমাদৃত, তাকে অক্ষুণ্ণ রাখা সবার নৈতিক দায়িত্ব। এটি কেবল একটি আয়োজন নয়, বরং বাঙালির অস্তিত্ব ও পরিচয়ের প্রশ্ন। আরও পড়ুন: পহেলা বৈশাখ উদযাপনে শোভাযাত্রার নতুন নাম দেয়া হচ্ছে: সংস্কৃতিমন্ত্রী এর আগে শনিবার (৪ এপ্রিল) সকালে মাগুরায় এক অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তি নিয়ে কথা বলেন। তার দাবি, ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের বিষয়ে কোনো বক্তব্য তিনি দেননি। তবে এবারের আয়োজনকে নতুন আঙ্গিকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে ডাকার ঘোষণা আসছে বলেও জানান মন্ত্রী।অনুষ্ঠানে বক্তব্যের সময় পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে প্রশ্ন করলে তিনি পহেলা বৈশাখের আয়োজন নিয়ে সাম্প্রতিক আলোচনার জবাব দেন। মন্ত্রী অভিযোগ করেন, তার আগের বক্তব্যকে গণমাধ্যম সঠিক প্রেক্ষাপটে উপস্থাপন করেনি। তিনি কোথাও বলেননি যে তিনি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে ফিরিয়ে আনছেন।সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘ইউনেস্কো ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে স্বীকৃতি দিলেই যে আমাদের সেই একই নাম ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেশীয় ঐতিহ্য ও সর্বজনীনতা বজায় রাখতে এবারের আয়োজনের নতুন নামকরণ করা হচ্ছে।’ মন্ত্রী স্পষ্ট করেছেন যে, উৎসবের মূল চেতনা অক্ষুণ্ণ রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে সব জেলা ও উপজেলা পর্যায়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই পহেলা বৈশাখ উদযাপন করার ব্যাপরে দ্রুতই সিদ্ধান্ত নেবে।
Go to News Site