Somoy TV
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৫ মার্চ) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, নিহত লিটনের বাড়ি রংপুর জেলায়। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গাড়ির একটি শো-রুমের কর্মচারী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে লিটনের পূর্ব বিরোধ ছিল। শনিবার (৪ মার্চ) ওই গ্রুপের সঙ্গে লিটনের ঝগড়াও হয়। রোববার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে সোনারগাঁয়ের রতনপুর এলাকায় দুর্বৃত্তরা লিটনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।পরে আশপাশের লোকজন লিটনের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: পূর্বশত্রুতার জেরে বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাখবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত লিটনের শ্বশুর আব্দুর রউফ অভিযোগ করেন, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে তার কোনো বন্ধুর শত্রুতা ছিল। ধারণা করছি তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্তের পর নিশ্চিত হতে পারব। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Go to News Site