Somoy TV
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি আর কখনও আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য ।রোববার (৫ এপ্রিল) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। হরমুজ প্রণালি নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েক দিন পর এই বিবৃতি দেয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। আরও পড়ুন: ইরানকে নিয়ে ট্রাম্পের অশালীন শব্দে ভরা পোস্ট, বড় হামলার হুমকি হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন। আরও পড়ুন: হুমকি দিয়েই পাল্টালেন সুর, ইরানের সঙ্গে এবার চুক্তির আশায় ট্রাম্প একইদিন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ইরানে ‘পাওয়ার প্ল্যাান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে তিনি বলেন, ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ সব একসঙ্গে ঘটবে। ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, এ ধরনের ভাষা ব্যবহার কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্রকে আল্টিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের আলোচনার টেবিলে বসা উচিত বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
Go to News Site