Jagonews24
রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে সমন্বিত অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানের পঞ্চম দিনে আরও তিন লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল ) দিনব্যাপী ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এসব তথ্য জানান। ট্রাফিক লালবাগের বরাত দিয়ে তিনি জানান, কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় অভিযানে আইন অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠান ও একজনকে ১৭ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে গ্রেফতার করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। ট্রাফিক ওয়ারী বিভাগের কথা জানিয়ে তিনি বলেন, যাত্রাবাড়ী জোনে জুরাইন ও শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১১ জন ব্যবসায়ীকে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। ট্রাফিক রমনা বিভাগের বরাত দিয়ে তিনি জানান, নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫ টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ট্রাফিক মিরপুর বিভাগের বরাত দিয়ে তিনি জানান, শাহআলী এলাকায় পরিচালিত অভিযানে ১৭টি দোকান ৮০ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। ট্রাফিক মতিঝিল বিভাগের বরাত দিয়ে তিনি জানান, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একজনকে গ্রেফতার ও বিভিন্ন দোকানে মোট ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। ট্রাফিক তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তিনি জানান, আগারগাঁও আইডিবি ভবন ও নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনা করে ০৬ টি দোকানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ট্রাফিক গুলশান বিভাগের কথা জানিয়ে তিনি বলেন, মহাখালী আড়ং ও গুলশাল-২ এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি দোকানকে সর্বমোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ট্রাফিক উত্তরা বিভাগের বরাত দিয়ে তিনি আরও জানান, অবৈধভাবে ফুটপাত দখল করে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যদের সতর্ক করা হয়। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। কেআর/এসএনআর
Go to News Site