Jagonews24
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওরাঞ্চলের বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তনের সার্বিক পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের এসব কথা বলেন মন্ত্রী। কৃষি সচিব রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে এ সময় হাওরাঞ্চলের জেলাগুলোর মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন। হাওরাঞ্চলকে দেশের ফসল বিশেষ করে ধানের ভান্ডার উল্লেখ করে মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ধান যেন নষ্ট না হয়। হাওরাঞ্চলের ধান কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সময়মতো ধান কাটার নির্দেশনা দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার যেন যথাসময়ে পর্যাপ্ত পরিমাণে থাকে। অচল যন্ত্রগুলো দ্রুত সচলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভাড়ায় হার্ভেস্টার এনে সময়মতো ধান কাটা সম্পন্ন করতে হবে। ধান কাটার সময়ে হার্ভেস্টারের প্রয়োজনীয় তেলের সমস্যা হবে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলেও মন্ত্রী আশ্বাস দেন। মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি নজরে রাখত হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখতে হবে। হার্ভেস্টারের পাশাপাশি কৃষি শ্রমিকের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা রাখার জন্যও মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এনএইচ/এমএমএআর
Go to News Site