Somoy TV
ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিরা রোববার (৫ এপ্রিল) জানিয়েছেন, স্থানীয় সময় রোববার একটি ছোট নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানায়, উদ্ধারের পর তাদের সবাইকে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। আরও পড়ুন: ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জে ৯ দালালের বিরুদ্ধে মামলা ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো বলেন, লিবীয় কর্তৃপক্ষের তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকৃত ৩২ জনই পুরুষ, যার মধ্যে একজন কিশোর রয়েছে। তাদের ইতালির দক্ষিণ প্রান্তের দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে। চলতি বছর ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহেও ল্যাম্পেদুসা থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্ট গার্ড।
Go to News Site