Jagonews24
চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইয়ের শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এবার মাঠ ছাড়তে হয়েছে উজবেকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যেত এশিয়ান গেমসের টিকিটসহ সেমিফাইনাল। কিন্তু জিততে না পারায় তা সম্ভব হয়নি। থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ মিনিটেই গোল করে উজবেকিস্তানকে লিড এনে দেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। পিছিয়ে পড়ার পর ফিনিশিংয়ের অভাবে গোল শোধ হচ্ছিল না বাংলাদেশের। একেবারে ম্যাচের শেষ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম। ম্যাচে ৬টি পেনাল্টি কর্নার পাওয়ার পরও একটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বাছাইপর্বের ৩ ম্যাচ শেষে বাংলাদেশ ও উজবেকিস্তান উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে উজবেকিস্তান সেমির টিকিট কেটে ফেলেছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়। তবে এখনও স্বপ্ন ফুরিয়ে যায়নি এশিয়ান গেমসে খেলার। বাছাইপর্বে ৯ দলে থেকে শীর্ষ ৬টি দল মূল পর্বে যাওয়ার সুযোগ পাবে। ফলে পঞ্চম বা ষষ্ঠ হওয়ার লড়াইয়ে জিততে পারলেই কাঙ্ক্ষিত এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। আরআই/আইএন
Go to News Site