Collector
বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষ মাদ্রাসা, যেভাবে কুরআন শিখছে শিশুরা | Collector
বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষ মাদ্রাসা, যেভাবে কুরআন শিখছে শিশুরা
Somoy TV

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষ মাদ্রাসা, যেভাবে কুরআন শিখছে শিশুরা

রাজধানীর দক্ষিণখানের সরদার বাড়িতে গড়ে ওঠা ‘মাদ্রাসাতুর রহমান আল-আরাবিয়া’ একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বধির শিক্ষার্থীদের শিখানো হয় কোরআন, ইসলামী ও জেনারেল শিক্ষা।এখানে বর্ণমালার কোনো শব্দ নেই, ভাষা হলো কেবলই ইশারা। হাতের ভঙ্গি আর চোখের ভাষায় এখানকার শিক্ষার্থীরা বুঝে নেয় আল-কোরআনের প্রতিটি আয়াত। প্রতিটি হরফ আর তাজবিদের ব্যাকরণ তাদের হৃদয়ে পৌঁছে দেওয়া হয় এক অদ্ভুত ধৈর্য আর পাহাড়সম ভালোবাসা দিয়ে। শব্দহীন এই জগতেও প্রতিধ্বনিত হয় স্রষ্টার প্রতি নিখাদ অনুরাগ। এই উদ্যোগ কেবল শিক্ষার বিস্তারে নয়, বরং সমাজের অবহেলিত একটি অংশকে মূলধারায় ফিরিয়ে আনার এক মানবিক প্রতিচ্ছবি। এই প্রতিষ্ঠানটি কেবল বিশেষ চাহিদাসম্পন্নদের জন্যই নয়, বরং সুস্থ শিক্ষার্থীদের জন্যও কওমি সিলেবাসের প্রথম শ্রেণি থেকে দাওরায়ে হাদিস বা মাস্টার্স পর্যন্ত পাঠদান করছে অত্যন্ত দক্ষতার সঙ্গে।  বাক-শ্রবণপ্রতিবন্ধী বিভাগের শিক্ষক জানান, ২০২২ সালে ইন্দোনেশিয়ার একটি মাদ্রাসার ভিডিও দেখে এই ব্যতিক্রমী উদ্যোগের অনুপ্রেরণা পান। ২০২৩ সালে সৌদি আরবের তায়েফের ‘মুজাম্মাতুর রিদোয়ান’ থেকে বিশেষ শিক্ষা কারিকুলামের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এর এক বছর পর, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কীভাবে পরিচালনা করতে হয় এবং তাদের পাঠ্যবিষয়গুলো কেমন হবে, তা শিখতে তারা ইন্দোনেশিয়া সফর করেন। বর্তমানে তারা সৌদি আরব ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতার পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কারিকুলাম অনুসরণ করে গত দুই বছর ধরে শিক্ষার্থীদের পাঠদান করছেন।  শিক্ষকরা পরম মমতায় প্রতিটি হরফ পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীদের হৃদয়ে। দৃষ্টিজয়ীদের জন্য ব্রেইল পদ্ধতি থাকলেও, বধিরদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজে ধর্মীয় শিক্ষার এই উদ্যোগ দেশে এক বিরল উদাহরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর বলেন,  বাংলাদেশে এমন মাদ্রাসা আছে কল্পনায় ছিলো না। অন্ধদের জন্য প্রতিষ্ঠান আছে শুনেছি তবে বধিরদের জন্য প্রথম প্রতিষ্ঠান দেখলাম। তাদের জন্য কোরআন নতুন করে ছাপানো হয়েছে। দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতি ব্যবহারের পাশাপাশি বধির শিক্ষার্থীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে, যা বাংলাদেশে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এক অসাধারণ উদ্যোগ। মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার মুহতামিম মুফতি বখতিয়ার হুসাইন সরদার। ছবি: সময় সংবাদ মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার মুহতামিম মুফতি বখতিয়ার হুসাইন সরদার বলেন,  বর্তমানে অন্ধ ও বধির শিক্ষার্থীরা একই ভবনে অবস্থান করলেও, তাদের ভিন্ন ভিন্ন আবেগ ও অনুভূতির কথা বিবেচনা করে তাদের জন্য আলাদা আবাসিক ও একাডেমিক ভবন স্থাপনের প্রয়োজন প্রকট। এতে তাদের মন-মানসিকতা আরও সুন্দর ও বিকশিত হবে।

Go to News Site