Somoy TV
ইসরাইলি সামরিক বাহিনীর ধারণা, ইরানের কাছে এখনও ১,০০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরাইলে পৌঁছাতে সক্ষম। চ্যানেল ১২ নিউজকে এমনটাই জানিয়েছেন ইসরাইলি বিমান বাহিনীর একজন গোয়েন্দা কর্মকর্তা।ইসরাইলি বিমান বাহিনীর গোয়েন্দা ইউনিট এয়ার ইন্টেলিজেন্স গ্রুপে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন-বিষয়ক গবেষণার নেতৃত্ব দেয়া লেফটেন্যান্ট কর্নেল ‘টেট’ বলেন, ‘ইরানিদের কাছে এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরাইলে পৌঁছাতে সক্ষম।’ প্রতিবেদন অনুসারে, যুদ্ধের শুরুতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ধারণা ছিল, ইরানের কাছে প্রায় ২,৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এরপর থেকে ইরান ইসরাইলের দিকে ৫শ’র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর দিকেও শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া হামলার সময় আরও কয়েকশ’ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার কমে প্রতিদিন প্রায় ১০–১৫টিতে নেমে এসেছে, যা যুদ্ধের প্রথম দিনে ছিল প্রায় ৯০টির মতো। আরও পড়ুন: হরমুজ খোলা নিয়ে ইরানের নতুন বার্তা সংঘাত শুরুর পর থেকেই ইসরাইলি সামরিক বাহিনীর মূল্যায়ন ছিল, যুদ্ধ চলাকালীন ইরানের হামলা অব্যাহত থাকবে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার বাড়তেও পারে। ওই কর্মকর্তা চ্যানেল ১২ নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না যে (প্রতিদিনের) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শূন্যে নেমে আসবে।’ তিনি আরও বলেন, আমার ধারণা, তারা (ইরান) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাবে। তবে আমরা এখন পর্যন্ত যা দেখেছি, তার তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে বেশি হবে বলে মনে করি না। সূত্র: টাইমস অব ইসরাইল
Go to News Site