Somoy TV
পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্র থেকে ধরা পড়া বড় আকারের লাক্ষা মাছের একটি বিশাল চালান এসেছে। বিরল এই মাছের চালানটি স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি করেছে। দুটি ট্রলারের মাছ বিক্রি করে প্রায় ২২ লাখ টাকা আয় হয়েছে বলে জানা গেছে।আড়তদার ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পিরোজপুরের বালিপাড়া এলাকার জেলে দুলাল ফকিরের একটি বোটসহ মোট দুটি বোটে এসব মাছ ধরা পড়ে। এরপর মাছগুলো বিক্রির জন্য পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে তোলা হয়।এর মধ্যে একটি বোটে ৬১টি বড় আকারের লাক্ষা মাছ পাওয়া গেছে, যার মোট ওজন প্রায় ৭০০ কেজি। প্রতিটি মাছের গড় ওজন প্রায় ১২ কেজি। আড়তে এই মাছগুলোর দাম প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া একই সঙ্গে আরও প্রায় ৩ হাজার ৩০০ কেজি সামুদ্রিক মাছ আনা হয়েছে। আকার ও মানভেদে এসব মাছ প্রতি মণ ৬৫ হাজার থেকে ৯০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা যায়, দুটি বোটে আসা মোট মাছের মধ্যে ৫০টি বড় আকারের লাক্ষা মাছ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এসব মাছের প্রধান ক্রেতা স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন।আরও পড়ুন: ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়!ব্যবসায়ীরা জানান, পাড়েরহাটে কেনাবেচা হওয়া এসব লাক্ষা মাছ মূলত ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বড় বড় বাজারে পাঠানো হবে। বিশেষ করে চট্টগ্রামের ফিশারি ঘাটে এ ধরনের সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা থাকায় সেখানে উচ্চমূল্যে এগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বা অবরোধ থাকার পর এমন বড় চালানের দেখা পেয়ে জেলেরা বেশ আনন্দিত। প্রতিকূল আবহাওয়া ও জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যাওয়ার পর বড় মাছের প্রাপ্তি তাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে।জেলেরা জানান, নিষেধাজ্ঞার পর সাগরে গিয়ে এমন মাছ পাওয়া আমাদের জন্য আশার আলো। এই এক চালানেই অনেক দিনের লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে।
Go to News Site