Collector
রাজশাহীতে জ্বালানি তেলের হাহাকার, ঠেলে নেওয়া হচ্ছে পুলিশের গাড়ি | Collector
রাজশাহীতে জ্বালানি তেলের হাহাকার, ঠেলে নেওয়া হচ্ছে পুলিশের গাড়ি
Somoy TV

রাজশাহীতে জ্বালানি তেলের হাহাকার, ঠেলে নেওয়া হচ্ছে পুলিশের গাড়ি

রাজশাহী জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তেলের অভাবে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও অচল হয়ে পড়ছে। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী নগরীতে পুলিশের একটি পিকআপ ভ্যানকে তেল ফুরিয়ে যাওয়ায় ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।জেলায় মোট ৪৬টি নিবন্ধিত পেট্রোল পাম্প থাকলেও আজ সোমবার সকাল থেকে মাত্র ১০টি পাম্পে তেল সরবরাহ করতে দেখা গেছে। বাকি পাম্পগুলো ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রেখেছে। ফলে সকাল থেকেই সচল পাম্পগুলোতে অকটেন, পেট্রোল ও ডিজেলের জন্য কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। অধিকাংশ গ্রাহক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।নগরীর গুল গফুর পেট্রোলিয়াম পাম্পে সোমবার সকালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। গ্রাহকদের অভিযোগ, ভিআইপি লাইনে শুধু জরুরি সেবার গাড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেল দেওয়ার কথা থাকলেও সেখানে সাধারণ মানুষকেও তেল নিতে দেখা গেছে। এ নিয়ে সাধারণ লাইনে অপেক্ষমাণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পাম্প কর্মচারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।তেল নিতে আসা এক ভুক্তভোগী বলেন, আমরা সাধারণ মানুষ তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, আর চোখের সামনে দিয়ে নিয়ম ভেঙে তেল দেওয়া হচ্ছে। পাম্প মালিক আর প্রশাসনের অব্যবস্থাপনার কারণে এই বিশৃঙ্খলা।আরও পড়ুন: ভোট নয়, এবার জ্বালানি তেল নিতেও আঙুলে লাগাতে হচ্ছে কালিজ্বালানি সংকটের সবচেয়ে করুণ চিত্র দেখা গেছে পুলিশের গাড়ির ক্ষেত্রে। সরবরাহ না থাকায় অনেক টহল গাড়ি সময়মতো জ্বালানি সংগ্রহ করতে পারেনি। সোমবার সকালে নগরীর সড়কে তেলের অভাবে পুলিশের গাড়ি বন্ধ হয়ে গেলে সদস্যরা নিজেরাই গাড়িটি ঠেলে নিতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এই দৃশ্যই বলে দিচ্ছে রাজশাহীর জ্বালানি সংকট কতটা প্রকট হয়েছে।পেট্রোল পাম্প মালিকদের দাবি, তারা তেল উত্তোলনকারী কোম্পানি বা ডিপো থেকে চাহিদানুযায়ী তেল পাচ্ছেন না। তারা বলেন, আমাদের হাতে তেল নেই, তাই আমরা গ্রাহকদের দিতে পারছি না। সরবরাহ স্বাভাবিক না হলে আমাদের কিছুই করার নেই।

Go to News Site