Jagonews24
ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৬ এপ্রিল) দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার গ্রেফতারের কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেফতারের কথা উল্লেখ করেছে। ‘ঊর্ধ্বতন নির্দেশে’ একজন সম্মানিত নারীকে গ্রেফতার করার ঘটনা আমাদের আওয়ামী ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়, যা খুবই দুঃখজনক, অমানবিক ও অনভিপ্রেত। বিনা কারণে গভীর রাতে এভাবে একজন সম্মানিত নারীকে গ্রেফতার এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরও পড়ুনসংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে আলোচনায় যারা সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, ঘোষণা শিগগির তিনি বলেন, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা মানবতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থি। অ্যাডভোকেট হেলাল বলেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে দেশবাসী এমন আচরণ প্রত্যাশা করে না। বিগত ২৪ জুলাইয়ের আন্দোলনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, এ ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করে দেশে একটি সুষ্ঠু, মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। আরএএস/কেএসআর
Go to News Site