Somoy TV
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে বায়ার্ন মিউনিখ। চোট কাটিয়ে দলে ফিরেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।আন্তর্জাতিক বিরতির সময় ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান কেইন। এ কারণে গত শনিবার (৪ এপ্রিল) বুন্দেসলিগায় ফ্রেইবুর্কের বিপক্ষে বায়ার্নের ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচটিতে তিনি মাঠে নামতে পারেননি। রিয়ালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হ্যারি কেইনের খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে ৩২ বছর বয়সি এই তারকার দলে না ফেরার সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। আরও পড়ুন: মেয়াদ শেষ হওয়ার আগেই ভিনির সঙ্গে চুক্তি নবায়নের তোড়জোড় রিয়ালের! বায়ার্নের ক্রীড়া পরিচালক মাক্স এবার্ল বলেছেন, কেইন শুরুর একাদশে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ ভেঁসো কম্পানি। ‘শুরুর একাদশে থাকার জন্য সম্ভাব্য সবকিছুই সে করেছে, এমনকি শেষ অনুশীলনেও অংশ নিয়েছে। আগামীকাল সে শুরু থেকে খেলবে কি-না, তা ভিনির (ভেঁসো কম্পানি) সিদ্ধান্ত। তবে সে প্রস্তুত এবং ভালো অনুভব করছে।’ বায়ার্নের হয়ে বরাবরের মতো এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪৮ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে গোল ১০টি। আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতলেটিকোর বিপক্ষেও অনিশ্চিত ডি ইয়ং ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন হ্যারি কেইন। জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে ১৩৩ গোল করে নিজের অসাধারণ গোল করার দক্ষতার প্রমাণ দিয়েছেন এই ইংলিশ তারকা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
Go to News Site