Somoy TV
গাজীপুরে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সোহাগ একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহাগ মিয়া তার ব্যক্তিগত মোটরসাইকেলে (নেত্রকোনা-হ ১৩-৪৫৫৫) করে কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও পড়ুন: টঙ্গীতে বসতবাড়িতে ভয়াবহ আগুন, ৫ ঘর ভস্মীভূত খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। আমরা নিহতের পরিচয় নিশ্চিত হয়েছি।’ পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Go to News Site