Somoy TV
জামালপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ১০ বছর বয়সি আরেক শিশুকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।সোমবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছর বয়সী ওই শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে চকলেট দেয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু (১০) নামের ওই ছেলেটি তাকে রাস্তার পাশে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে বাবা-মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিশু পালিয়ে যায়। আরও পড়ুন: তেল না পেয়ে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলেন মোটরসাইকেল চালকরা পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ মার্চ ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিশুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালতে বিচারকের কাছে ১৬৪ ধারায় ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় বিশু। বর্তমানে সে গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে। এ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক একমাত্র আসামি বিপ্লব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দেন।
Go to News Site