Jagonews24
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামের এক বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রোববার দুপুরের দিকে বাড়ির পাশে ৩ থেকে ৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ছয় বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ছাত্তারকে আটক করে সুন্দরগঞ্জ থানায় নিয়ে যায়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে আটক করে থানা আনা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার আল শামীম/এনএইচআর/এএসএম
Go to News Site