Somoy TV
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষার একটি প্রস্তাবের ওপর মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু ভেটো ক্ষমতা থাকা চীন শক্তি প্রয়োগের অনুমোদনে বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল আকারে থাকবে বলে জানিয়েছেন কূটনীতিকরা।ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালানোর পর থেকে তেলের দাম বেড়েছে। ওই হামলার ফলে শুরু হওয়া সংঘাত পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এবং তেহরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। ১৫-সদস্যের কাউন্সিলের বর্তমান সভাপতি বাহরাইনের একটি প্রস্তাব পাস করানোর প্রচেষ্টায় চীন, রাশিয়া ও অন্যদের বিরোধিতা কাটিয়ে ওঠার লক্ষ্যে একাধিক খসড়া তৈরি করা হয়েছে। রয়টার্সের দেখা সবশেষ খসড়াটিতে শক্তি প্রয়োগের কোনো স্পষ্ট অনুমোদন রাখা হয়নি। বরং প্রস্তাবে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপথ ব্যবহারে আগ্রহী দেশগুলোকে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষামূলক উদ্যোগে সমন্বয় করতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে, যাতে প্রণালী দিয়ে নৌযান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা যায়।’ আরও পড়ুন: হরমুজ খোলার হুমকি ট্রাম্পের, ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’! এতে আরও বলা হয়েছে, এ ধরনের অবদানের মধ্যে ‘বাণিজ্যিক ও মালবাহী জাহাজকে পাহারা দেয়া’ অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি, প্রস্তাবে ‘হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌচলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা ব্যাহত করার প্রচেষ্টা প্রতিরোধে’ নেয়া উদ্যোগের সমর্থন জানানো হয়েছে। কূটনীতিকরা বলেছেন, শিথিল করা সংস্করণটি পাস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এটি সফল হবে কি না তা এখনও স্পষ্ট নয়। প্রস্তাবটি গৃহীত হতে হলে এর পক্ষে অন্তত ৯টি ভোট এবং স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কারও ভেটো না থাকা প্রয়োজন। অন্যান্য উপসাগরীয় আরব রাষ্ট্র ও ওয়াশিংটনের সমর্থনপুষ্ট বাহরাইন গত বৃহস্পতিবার একটি খসড়া প্রকাশ করে, যেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষার জন্য ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেয়ার অনুমোদন ছিল। কিন্তু শুক্রবার ও শনিবার এ বিষয়ে ভোট স্থগিত করা হয়। সূত্র: রয়টার্স
Go to News Site