Collector
ভারত হয়ে মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী | Collector
ভারত হয়ে মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Somoy TV

ভারত হয়ে মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশে আজই ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পথিমধ্যে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন।মঙ্গলবার (০৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা সফরে আজই দিল্লি যাবেন বলে জানা গেছে। তিন দিনের এ সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। এর পাশাপাশি তিনি দিল্লিতে অবস্থানের সময় ভারত সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সাক্ষাৎ করবেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যাওয়ার আগে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি হবে মূলত পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সুফলের ভিত্তিতে সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়ে আলোচনা। সেখানে দুই দেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: একই বিমানে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর ও জয়শঙ্কর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে মরিশাস সম্মেলন ও ভারত সফরে যাবেন। তাদের সফর সূচি অনুসারে ১০ থেকে ১২ এপ্রিল এ বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে ভিসা, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা ও বাণিজ্যের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন, জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে মূলত ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের রাজধানীতে যাবেন। দিল্লিতে তার সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এ প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফরে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। ৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে। দিল্লির সফর শেষে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এয়ার মরিশাসের একই উড়োজাহাজে করে মরিশাসে যাওয়ার কথা শোনা যাচ্ছে। ৯ এপ্রিল সকাল ৮টায় বাণিজ্যিক বিমানের ফ্লাইটটি পোর্ট লুইসের উদ্দেশে দিল্লি ছাড়বে।

Go to News Site