Somoy TV
উত্তরের জেলা বগুড়া শহরে মিউজিক অ্যাওয়ার্ড শো’র অনুষ্ঠানের মহড়ায় উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে গান শোনালেন দেশের লোকগানের সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দেশের একঝাঁক নবীন-প্রবীণ সংগীত তারকারা।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মিউজিক অ্যাওয়ার্ড শো’র মহড়ায় তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বগুড়ার একটি রিসোর্ট। উন্মুক্ত মাঠে তৈরি বিশাল মঞ্চে শেষ মুহূর্তের মহড়ায় ঘাম ঝরান শিল্পীরা। অনুষ্ঠানটির এবারের আয়োজনের অন্যতম বড় আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। মূল অনুষ্ঠানের আগে সোমবার সন্ধ্যায় তাকে দেখা যায় এক ভিন্ন মেজাজে। মহড়ার ফাঁকে তার সঙ্গে গানের আড্ডায় মাতেন কাঙ্গালিনী সুফিয়া। আরও পড়ুন: নতুন ভোকাল খুঁজছে জনপ্রিয় ব্যান্ড ‘চাইম’ রুনা লায়লাকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি কাঙ্গালিনী। গেয়ে শোনান তার কালজয়ী সেই গান— ‘মাটির গাছে লাউ ধইরাছে’। মুগ্ধ শ্রোতা হয়ে সেই গান শুনে প্রশংসায় ভাসালেন রুনা লায়লাও। গান শেষে রুনা লায়লাকে জড়িয়ে ধরে সম্মান জানান কাঙ্গালিনী সুফিয়া। আরও পড়ুন: জামিন পেলেন গায়ক নোবেল এ সময় শিল্পীদের এই মেলবন্ধনের সাক্ষী হয়ে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। সব মিলিয়ে মূল আয়োজনের পর্দা ওঠার আগেই বগুড়ায় যেন শুরু হয়ে গেছে সুরের এক মহোৎসব। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক মঞ্চে দেশের সংগীতাঙ্গনের নক্ষত্রদের মিলিত হওয়ার মাহেন্দ্রক্ষণ। ইতিমধ্যেই সংগীতের মিলনমেলায় উপস্থিত হয়েছেন তারকা ও ভক্তরা।
Go to News Site