Somoy TV
আইসিইউ সেবায় চরম সংকট দেখা দিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিভাগের আট জেলার সংকটাপন্ন রোগীর জন্য এখানে রয়েছে মাত্র ১০টি আইসিইউ বেড। যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। এতে বাড়ছে রোগী মৃত্যুর হার। আইসিউ সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষের নেই কার্যকরী কোনো উদ্যোগ।রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে দেখা যায়, আইসিইউ ইউনিটের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা। চিকিৎসকদের আশ্বাস, রোগীর মৃত্যুর পর ফাঁকা হলেই পাওয়া যাবে শয্যা।তীব্র সংকটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবা। উত্তরের জনপদের গুরুত্বপূর্ণ এ হাসপাতালটিতে নেই পর্যাপ্ত আইসিইউ বেড, আধুনিক যন্ত্রপাতি কিংবা প্রয়োজনীয় চিকিৎসক। যার মারাত্মক প্রভাব পড়ছে চিকিৎসাসেবায়। যথাসময়ে আইসিইউ সেবা না পেয়ে মৃত্যু ঝুঁকিতে রোগীরা। বাবাকে আইসিইউতে ভর্তি করতে আসা ইমদাদুল ইসলাম বলেন, ‘আমার বাবার সংকটাপন্ন অবস্থায় এক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। এর কারণ হলো যে আইসিইউ বেডে যদি কোনো রোগী সুস্থ না হয় কিংবা মারা না যায় সেক্ষেত্রে রোগী ট্রান্সফার হয় না। ৩০ থেকে ৩৫ জন রোগী সিরিয়াল দিয়ে থাকে। রোগী বের করে দিয়ে তো রোগী ঢোকানো সম্ভব নয়। তাছাড়া রোগীর সংখ্যা বেশি, সিটের সংখ্যা কম। এজন্য আমরা দাবি জানাচ্ছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে পর্যাপ্ত বেড বাড়ানো হয়।’আরও পড়ুন: রংপুরে হাম-রুবেলায় আক্রান্ত ১১, উপসর্গ শনাক্ত ১১৬ জনেরএদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, শুধু মার্চ মাসে আইসিইউতে ভর্তি হয়েছেন ৫৮ জন রোগী, এরমধ্যে মারা গেছেন ৩১ জন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলামবলেন, ‘শয্যা সংকটের কারণে আমরা সব রোগী ভর্তি করাতে পারি না। ফলে যে রোগীদের নিতে পারি না সেগুলো ওয়ার্ডে ধীরে ধীরে ক্রমাগত খারাপ অবস্থার দিকে চলে যায়।’ তবে সংকটের কথা স্বীকার করে আইসিইউতে শয্যা বাড়ানোর কার্যকরী উদ্যোগ নেয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংখ্যা একহাজার। রোগী ভর্তি থাকেন প্রায় আড়াই হাজারের মতো। কিন্তু আমাদের আইসিইউতে বেড সংখ্যা মাত্র ১০ টা। আমাদের হয়তো ৫ বেডের গাইনি আইসিইউ এবং ৫ বেডের একটা শিশু আইসিইউ চালু করা যায় এবং সেজন্য আমরা একটি চাহিদা দিয়েছি। যদি এটা সম্ভব হয় তাহলে অনেকআংশে আইসিইউ সাপোর্ট পাওয়া যাবে।’রোগীর মৃত্যুর হার কমাতে হাসপাতালের দ্রুত সেবার মান বাড়ানোর দাবি সেবাপ্রত্যাশীদের।উল্লেখ্য, শুধু মার্চ মাসে আইসিইউতে ভর্তি হয়েছেন ৫৮ জন রোগী, এরমধ্যে মারা গেছেন ৩১ জন।
Go to News Site