Collector
বাংলাদেশের ক্রিকেটের হারানো সম্মান ফিরিয়ে আনতে চান বিসিবির নতুন সভাপতি | Collector
বাংলাদেশের ক্রিকেটের হারানো সম্মান ফিরিয়ে আনতে চান বিসিবির নতুন সভাপতি
Somoy TV

বাংলাদেশের ক্রিকেটের হারানো সম্মান ফিরিয়ে আনতে চান বিসিবির নতুন সভাপতি

মাঠের খেলায় জাতীয় দলের ব্যর্থতা তো আছেই, তার ওপর আবার বোর্ডের একের পর এক বিতর্ক যেন থামছেই না। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বোর্ডের দায়িত্বে আসেন ফারুক আহমেদ। এরপর তার স্থলাভিষিক্ত হলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে গত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠার কারণে গঠন করা হয় তদন্ত কমিটি। সেই কমিটির তদন্ত প্রতিবেদনের পর ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। নতুন অ্যাডহক কমিটির সভাপতি হন তামিম ইকবাল।অ্যাডহক কমিটির সভাপতি হয়েই মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবিতে সংবাদমাধ্যমে কথা বলেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটের পুরোনো সেই সম্মান ফিরিয়ে আনার আশা ব্যক্ত করেন তিনি।  ২০১৫ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিমদের পারফরম্যান্সে শক্তিশালী কয়েকটি দলের বিপক্ষে সিরিজও জেতে টাইগাররা। সে সময় ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার পাশাপাশি টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকেও হারায় বাংলাদেশ।  আরও পড়ুন: যেসব অনিয়মের কারণে বাতিল হলো বুলবুলের বিসিবি কমিটি এরপর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দেশের ক্রিকেটের সময়টা কেটেছে স্বপ্নের মতো। ২০২২ সাল পর্যন্ত বেশ ভালো ক্রিকেটই খেলে টাইগাররা। তবে অধপতনটা শুরু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে। জাতীয় দলের ব্যর্থতার সঙ্গে নতুন করে যোগ হয় বোর্ডের নানান কর্মকাণ্ড। গত দুই বছরে বিসিবির সভাপতি পরিবর্তন হয়েছে তিনবার।  বিভিন্ন কারণে বাংলাদেশের ক্রিকেটের সম্মান যে দিন দিন নষ্ট হচ্ছে, তা অবশ্য অকপটেই স্বীকার করলেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘এখানে (বিসিবি) যখনই কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (এডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। গত এক-দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটার রেপুটেশন ঠিক করাটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’  দেশের ক্রিকেটের সম্মান ফেরাতে সাংবাদিকদেরও সহযোগিতা চেয়েছেন তামিম ইকবাল। তিনি জানান, বাংলাদেশের ক্রিকেট এখন যে জায়গায় আছে, সেটা তারা কেউই চান না। ভালো কাজ করতে না পারলে ১১ সদস্যের এডহক কমিটির যে সমালোচনা হবে, সেটাও অবশ্য মেনে নিয়েছেন তামিম।  আরও পড়ুন: অনির্দিষ্ট সময়ের জন্য পিএসএল থেকে ছিটকে গেলেন নাসিম শাহ ‘আমি নিশ্চিত আপনাদের (সাংবাদিক) থেকে একটা সহযোগিতা লাগবে, এটা আপনারা সবাই বিশ্বাস করেন। গত এক-দেড় বছরে ক্রিকেটের যে ক্ষতি হয়েছে বা ক্রিকেটের সম্মানের ক্ষতি হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে। কারণ, আমাদের সমালোচনা থাকবে, ভালো কাজ করবো, আবার হয়তো কবরো না। এটা নিয়ে সমালোচনা থাকবে, সবই থাকবে। কিন্তু আমরা এখানে কেউই চাই না ক্রিকেটটা এখন যে জায়গায় নেমেছে এই জায়গায় থাক। সবসময়ই চাই, ক্রিকেট একটা আমাদের গর্বের ব্যাপার।’  তামিম ইকবাল আরও বলেন, ‘বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান গর্বের সাথে বলেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি নিশ্চিত নই যে তারা এই কথাটা বলতে পারে কিনা। কারণ, যে ধরনের কার্যকলাপ গত এক-দেড় বছরে হয়েছে। সুতরাং, ওই গর্বের জায়গাটা আমাদের ফিরিয়ে আনতে হবে। খেলোয়াড়দেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেকহোল্ডারকে সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। আমরা ভালোর জন্য পরিবর্তন করবো, শুধু কথা বলার জন্য বলবো না। আমরা চেষ্টা করবো। আমাদের ভুল হবে, আমাদের দলে যারা আছেন তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখবো, আবার আমরা চেষ্টা করবো। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’

Go to News Site