Somoy TV
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান।মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস অবকাঠামোর ওপর আক্রমণ বাড়ানোর হুমকি দিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ইরানকে দেয়া আলটিমেটামের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’ ট্রাম্প বলেন, ‘আমি এটা চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এমনটাই হবে। তবে এখন যেহেতু সম্পূর্ণ ও সর্বাত্মক শাসনব্যস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র চিন্তাধারার মানুষেররা প্রাধান্য পাচ্ছে, হয়তো ভালো কিছু ঘটতে পারে।’ তিনি আরও বলেন, ‘কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি। ৪৭ বছরের অবৈধ জুলুম, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক! হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানিদের ১২ ঘণ্টার জন্য ট্রেন ব্যবহার না করতে এবং দেশটির রেলপথ থেকে দূরে থাকার সতর্কবার্তা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইরানের একাধিক রেললাইনে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ জানিয়েছে, মঙ্গলবার ইরানের তেহরান, কারাজ, তাবরিজ, কাশান এবং কোমসহ বিভিন্ন এলাকায় অন্তত আটটি সেতুতে হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় দুজন নিহত হয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি কারাজে একটি রেললাইনে বিমান হামলার খবর দিয়েছে। ঘটনাস্থলে কর্মীরা একজন আহত ব্যক্তির চিকিৎসার ভিডিও পোস্ট করেছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না: আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, প্রাদেশিক ডেপুটি গভর্নর বলেছেন, পশ্চিম কোম প্রদেশের স্থল পরিবহন সেতুগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের বরাত দিয়ে আইআরআইবি আরও জানায়, তাবরিজ–তেহরান মহাসড়কের একটি অংশ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-প্রধান বলেছেন, আহভাজ শহরের একটি সড়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে। আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে তাবরিজ ও জানজানের মধ্যবর্তী আরেকটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া হামলায়কুরেহ চামান–মিয়ানে সড়কটি উভয় দিক থেকেই বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
Go to News Site