Somoy TV
বগুড়া সদর উপজেলার দো-বাড়ীয়া মধ্যপাড়া এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী সাদিকা নাছিম বানু।এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার (৭ এপ্রিল) বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে একই এলাকার মো. ওলিউল হক (৪৮) ও মো. বাবলুসহ (৪৫) অজ্ঞাতনামা ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দো-বাড়ীয়া মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ১ দশমিক ৭১ একর জমিতে একটি পুকুর আছে সাদিকা নাছিমের। পুকুরটি তিনি উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে লিজ দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই পুকুরটি দখলের চেষ্টা এবং লিজ গ্রহীতার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। আরও পড়ুন: পুকুরে বিষ দিয়ে মাছ শিকার, চোখের সামনেই মরল ৩০০ হাঁস ভুক্তভোগীর দাবি, পূর্বশত্রুতার জেরে গত সোমবার গভীর রাতে পুকুরে কীটনাশক (বিষ) প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। মঙ্গলবার ভোরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বলেন, মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site