Collector
বগুড়ার উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ | Collector
বগুড়ার উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ
Jagonews24

বগুড়ার উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত দাবি করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। মঙ্গলবার (৭ এপ্রিল) লিখিত অভিযোগে জানানো হয়, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। অভিযোগে নির্দিষ্টভাবে ১৪ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি নিয়াজ মো. নাসিরসহ জনতা, অগ্রণী, সোনালী ও রূপালী ব্যাংকের ১০ জন কর্মকর্তা এবং সরকারি আজিজুল হক কলেজের ৩ জন শিক্ষকের নাম রয়েছে। আবিদুর রহমান সোহেল তার অভিযোগে দাবি করেন, দলীয় মতাদর্শের ব্যক্তিদের নির্বাচনি দায়িত্বে রাখা হলে ভোটের নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ারও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও একইভাবে দলীয় ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন এই প্রার্থী। অভিযোগের বিষয়ে রিটার্নিং আফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম জানান, জামায়াতে ইসলামীর প্রার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি দেখছি। অভিযোগের বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি, জামায়াত ও বিডিপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এল.বি/কেএইচকে/এমএস

Go to News Site