Collector
‘রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান’, ‘ক্রিকেট বোর্ডে ছেলেখেলা’ | Collector
‘রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান’, ‘ক্রিকেট বোর্ডে ছেলেখেলা’
Somoy TV

‘রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান’, ‘ক্রিকেট বোর্ডে ছেলেখেলা’

প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। অ্যামোনিয়া সংকটে বন্ধের পথে দেশের একমাত্র ডিএপি সার কারখানা - দৈনিক বণিকবার্তায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সংকটের কারণে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র ঘাটতিতে পড়েছে দেশের একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। বর্তমানে যে পরিমাণ অ্যামোনিয়া মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ১৫ এপ্রিল পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। এরপর নতুন করে কাঁচামাল সরবরাহ না পাওয়া গেলে বন্ধ রাখতে হবে উৎপাদন। ৩০ শতাংশ এলপিজি স্টেশন বন্ধ - দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি বাড়লেও বাজারে এর সংকট কাটেনি; বরং সরবরাহ ঘাটতির কারণে দেশের প্রায় ৩০ শতাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। চালু থাকা অনেক স্টেশন সীমিতভাবে গ্যাস সরবরাহ করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এলপিজি বা অটোগ্যাসচালিত যানবাহনের চালকরা।খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে দেশে দেড় থেকে দুই লাখ এলপিজিচালিত যানবাহন রয়েছে। এসব যানবাহনের চালকরা অনেক ক্ষেত্রে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও খালি হাতে ফিরছেন। এতে বাধ্য হয়ে তাঁরা সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বা অকটেনের মতো বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন, যা অন্যান্য জ্বালানির ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। ক্রিকেট বোর্ডে ছেলেখেলা - দৈনিক সমকালের প্রথম পাতার খবর এটি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, দুপুরে পূর্বাচলে গিয়েছিলেন মাঠ পরিদর্শন করতে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে সঙ্গে নিয়ে মাঠ দেখে ফিরে এসেছিলেন মিরপুরে। সাতজন পরিচালককে নিয়ে আজ যাওয়ার কথা ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ওই ভেন্যুতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে মাঠ উন্নয়ন নিয়ে সমন্বিতভাবে আলোচনা করার কথা ছিল আমিনুল ইসলাম বুলবুলের।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ায় বুলবুলের আর বগুড়া সফর হলো না। ক্রীড়া প্রতিমন্ত্রীও বাতিল করেছেন পূর্বনির্ধারিত সফরটি। কারণ, দুজনের পথ বেঁকে গেছে। গতকাল মঙ্গলবারই সাবেক সভাপতি হয়ে গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী আমিনুল ইসলাম বুলবুল।খাগড়াছড়িতে তিন মাসে আট পাহাড় বিলীন! - দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, খাগড়াছড়ির মানিকছড়িতে মাটিখেকোদের স্কেভেটরের থাবায় বিলীন হয়ে যাচ্ছে একের পর এক সবুজ পাহাড়। প্রশাসন অভিযান চালিয়ে মামলা-জরিমানা করেও রুখতে পারছে না তাদের। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় আটটি পাহাড় কেটে সাবাড় করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  এলাকাবাসী জানায়, এক শ্রেণির অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি খাস কিংবা বন্দোবস্তপ্রাপ্ত পাহাড়-টিলা ভূমির মাটি কেটে বিক্রি করছেন। নতুন বসতবাড়ি তৈরি ও নিচু ভূমি ভরাটের জন্য পাহাড় কাটা মাটি ব্যবহার হয়। আগে পাহাড় কাটার কাজে কোদাল বা শাবল ব্যবহার হলেও এখন স্কেভেটর ও পেলুডার ব্যবহার করে মাটিখেকোরা। গত এক বছরে বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি ছোট, মাঝারি ও বড় আকারের পাহাড়-টিলা কেটে বিলীন করা হয়েছে।রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান - দৈনিক যুগান্তরের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি।  প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দেড় বছরের বেশি সময় অন্তর্ধানে থাকার বিষয়টি রহস্যে ঘেরা। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি উধাও ছিলেন। আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা একে একে গ্রেফতার হলেও ছয়টি মামলার আসামি হয়েও রীতিমতো এতদিন দেশেই আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী, যা হতবাক হওয়ার মতো বিষয় এবং তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্বর্তী সরকারের সময় আত্মগোপনে থেকেই স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি।২০২৪ সালের ৫ আগস্টের পর প্রাণ বাঁচাতে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন-এমন তথ্য প্রকাশ পায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে। তবে সেখান থেকে বের হওয়ার পর তিনি কোথায় ছিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুখরোচক তথ্যও ছড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি গ্রেফতার এড়িয়েছিলেন-এমন আলোচনাও রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের হাল ধরা নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। তাকে সামনে রেখে আওয়ামী লীগ পুনর্গঠিত করার জোর আলোচনাও রয়েছে রাজনৈতিক অঙ্গনে।অন্য অসুখ থাকলে দীর্ঘ হচ্ছে হামের চিকিৎসা - দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে হাম এবং হামের মতো উপসর্গ নিয়ে শিশুরোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে অনেককে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। যারা আগে থেকে দীর্ঘমেয়াদি রোগে ভুগছে, মূলত তাদেরই হাসপাতালবাস দীর্ঘ হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, আগে থেকে স্বাস্থ্যগত জটিলতায় ভোগা শিশুদের জন্য হাম মারাত্মক হতে পারে। হাসপাতালে অন্য জীবাণুর সংক্রমণও তাদের জটিলতার মাত্রা বাড়াতে পারে।  চিকিৎসকদের মতে, হামের ভাইরাস শিশুদের শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। এমনিতেও বড়দের চেয়ে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা অনেক কম থাকে। অপুষ্টিসহ বিভিন্ন কারণে কিছু শিশুর রোগের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা তুলনামূলক আরও কম হতে পারে। হামে আক্রান্ত এ ধরনের শিশুদের মধ্যে তাই বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে।সোনালি মুরগির দাম ৫২ শতাংশ বেড়েছে - দৈনিক প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত খবর এটি।প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে সোনালি মুরগির দাম চড়া। খুচরা পর্যায়ে এক কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকা দরে। গত এক মাসের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে অন্তত ১০০ টাকা বেড়েছে। সাধারণত ঈদের পরে বাজারে মুরগির দাম কম থাকে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। মুরগির খামারি, পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বাড়ায় অনেক খামারি মুরগি পালন কমিয়ে দিয়েছেন। এ ছাড়া গত দুই-তিন মাসে রোগের আক্রমণে উল্লেখযোগ্য সংখ্যায় মুরগি মারা যায়। এ কারণে খামারে সোনালি মুরগির উৎপাদন কমেছে। ফলে সরবরাহ সংকটের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সোনালি মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া চলমান জ্বালানিসংকটও মুরগির মূল্যবৃদ্ধিতে কিছুটা প্রভাব ফেলেছে।

Go to News Site