Somoy TV
আখ সংকটে বন্ধের পথে রাজশাহী চিনিকল। বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানকে। বছরে ১০ মাসের বেশি সময় বন্ধ থাকছে কারখানা। নিরবচ্ছিন্ন আখের জোগান না থাকায় কারখানাটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।মাকড়সার জাল আর ধুলায় আচ্ছাদিত রাজশাহী চিনিকল। মোট সঞ্চিত লোকসানের পরিমাণ ১ হাজার ৬৪ কোটি টাকারও বেশি। বছরে মাত্র দেড় মাস সচল থাকার পরও মিলটি প্রায় অচল হয়ে পড়েছে। এ শিল্প কেনো আলোর মুখ দেখছে না; তা জানতে সরজমিনে গিয়ে দেখা যায়, চিনিকলের ভেতরে সুনশান নীরবতা বিরাজ করছে, যেন এটি পরিত্যক্ত এক জগত। গত মৌসুমে মিলটি মাত্র ৪৫ দিন চলেছে। প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয়েছে প্রায় ৩৫০ টাকা, বিক্রি হয়েছে ১২৫ টাকায়। এর ফলে আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটি টাকা। কারণ জানতে কয়েক দফায় কথা বলার চেষ্টা করা হয় চিনিকলের রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীরের সঙ্গে। কিন্তু, অফিসে দেখা করবেন বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আরও পড়ুন: নর্থ বেঙ্গলে আখের মিষ্টি হাসি, নাটোর চিনিকলে লোকসানের দীর্ঘশ্বাস শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিরবচ্ছিন্ন আখের জোগান না থাকায় রাজশাহী চিনিকল অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। এতে শঙ্কায় রয়েছেন শ্রমিকরা। রাজশাহী সুগার মিলস লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, ‘সুদের টাকা টানতে গিয়ে সুগার মিল বারবার লোকসানে যাচ্ছে। আখের স্বল্পতা এবং জনবল কম থাকায় মিলটি বন্ধ হওয়ার পথে। কৃষক ও শ্রমিকরা জানান, মানুষ এখন আখ চাষ করতে আগ্রহী নয়। এক বছরে তিন-চারটি ফসল আরামে উঠলেও, আখ লাগালে জমিতে একবার ফল পাওয়ার পর আর লাভ থাকে না, এছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কৃষক পেঁয়াজ-মরিচের মতো অন্যান্য ফসল চাষে বেশি ঝুঁকছে। এর ফলে আখের সংখ্যা ক্রমেই কমছে। বিশেষজ্ঞরা বলছেন, আখ চাষে কৃষকের অনাগ্রহ এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে, রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান যেন বছরব্যাপী সচল থাকে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দীন খান বলেন, এত বড় শিল্প পরিচালনার জন্য যে ধরনের ম্যানেজমেন্ট, পরিকল্পনা এবং ভালো প্রশাসন থাকা উচিত, সে ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় ব্যয় মেটাতে না পারায় রাষ্ট্রের মালিকানাধীন ১৫টি সুগার মিলের মধ্যে বর্তমানে ৬টি বন্ধ রয়েছে।
Go to News Site