Collector
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত, পাকিস্তানের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী | Collector
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত, পাকিস্তানের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
Somoy TV

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত, পাকিস্তানের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবিত ১০ দফা শান্তি পরিকল্পনা এবং তাতে ওয়াশিংটনের ইতিবাচক সাড়াকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের একটি শক্তিশালী সংকেত হিসেবে উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করেন, উভয় পক্ষ যেন কোনো প্রতারণা বা দ্বিমুখী নীতির আশ্রয় না নিয়ে পূর্ণ সততা ও দৃঢ় সংকল্পের সাথে এই আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে এই আশা প্রকাশ করেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, এই ১০ দফা পরিকল্পনাকে কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি ব্যাপক শান্তি চুক্তিতে রূপান্তর করা জরুরি, যা ইরাক, লেবানন এবং ইয়েমেনের সংকট সমাধানেও কার্যকর ভূমিকা রাখবে। একই সাথে তিনি ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নিষ্ঠুরতা ও উচ্ছেদ অভিযান বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। বলেন, গাজাসহ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের অধিকার রক্ষা এবং সেখানে চলমান পরিস্থিতির স্থায়ী অবসান নিশ্চিত করা সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রধান দায়িত্ব।  আরও পড়ুন: ১০ দফা পরিকল্পনা /ইরানের শর্ত মেনেই কি শেষ হচ্ছে যুদ্ধ, কী কী আছে প্রস্তাবে? সংকটকালীন মুহূর্তে সফল মধ্যস্থতা ও সাহসী কূটনীতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তান সরকারকে বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনো পক্ষ বা ভয়ের তোয়াক্কা না করে সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার যে নজির পাকিস্তান স্থাপন করেছে, তা মুসলিম সংহতি ও আন্তর্জাতিক দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ। মালয়েশিয়া এই শান্তি প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত বেসামরিক জনগণের জন্য নির্বিঘ্নে মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। বর্তমান পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী শান্তির পথে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বর্ণনা করে তিনি সতর্ক করেন, বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো বিকল্প ভাবার সুযোগ নেই। এই উদ্যোগের মাধ্যমেই বিশ্ব এক সংঘাতমুক্ত নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে আশা তার।

Go to News Site