Somoy TV
মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের বালাকং এবং শাহ আলম শিল্প এলাকায় এক সমন্বিত অভিযানে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অভিবাসন বিভাগ, কাস্টমস, পরিবেশ অধিদফতর এবং শ্রম বিভাগসহ বিভিন্ন সংস্থার ১৪৫ জন কর্মকর্তা অংশ নেন। কুয়ালালামপুর ও এর আশপাশের শিল্পাঞ্চলে অবৈধভাবে কাজ করা এবং নিয়োগকর্তাদের আইন অমান্য করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মোট ১৬২ জনের পরিচয় যাচাই করা হয়, যার মধ্যে ১৩৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সবচেয়ে বেশি ৬৫ জন বাংলাদেশের নাগরিক। এছাড়া মিয়ানমারের ১৭ জন, পাকিস্তানের ১৮ জন, নেপালের ১৫ জন, ইন্দোনেশিয়ার ১১ জন এবং ভারত, চীন ও ভিয়েতনামের কয়েকজন নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তাদের অধিকাংশই পুরুষ। অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটকদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদের অতিরিক্ত অবস্থান এবং অননুমোদিত কার্ড ব্যবহারের মতো অভিযোগ রয়েছে। অভিযানের সময় রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ শ্রমিকদের কাছ থেকে শুল্কবিহীন মদ ও সিগারেটও জব্দ করেছে। আরও পড়ুন: শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় মালয়েশিয়ার নতুন পদক্ষেপ বর্তমানে সব আটক ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য অভিবাসন আটক কেন্দ্রে (ডিপো) পাঠানো হয়েছে। জাকারিয়া শাবান সতর্ক করে আরও বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেয়া একটি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি মনে করিয়ে দেন, ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ আগামী এপ্রিল, ২০২৬-এ শেষ হতে যাচ্ছে। যারা অবৈধভাবে আছেন তাদের এই সময়ের মধ্যে সুযোগ নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
Go to News Site