Jagonews24
বগুড়ার সদর উপজেলায় ফল বিক্রেতা রবিন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আরিফ (৩২), নিবির হোসেন (২৩), শামীম (২৫), রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। তাদের সবার বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া এলাকায়। র্যাব জানায়, গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের ফুলবাড়ি বানিয়াপাড়া এলাকায় একটি কবরস্থানের গাছের ফল খাওয়া নিয়ে রবিন হোসেনের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে মীমাংসার কথা বলে তাকে একটি জঙ্গলে ডেকে নিয়ে চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আরও পড়ুনবগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার বগুড়া সদর থানায় হত্যা মামলা করা হয়। র্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার পলাতক আসামিরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৭ ও র্যাব-১২ (সিরাজগঞ্জ) যৌথ দল মঙ্গলবার রাত ৮টার দিকে পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে। পরে একই রাতে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে রুমা আক্তারকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/ইএ
Go to News Site