Collector
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের | Collector
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের
Somoy TV

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ধনী-দরিদ্র, জাতি ও ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ আমাদের সবার। রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা। অতীতের ভুলভ্রান্তি শুধরে এই অঞ্চলকে একটি নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে।বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে।বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং গার্লস গাইডের কুচকাওয়াজের প্রশংসা করে তিনি বলেন, এই ধরনের চর্চা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের তাড়না সৃষ্টি করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শৃঙ্খলামূলক চর্চা থাকা উচিত। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী ইশরাক বলেন, ১৯৭১ সালে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ফলে যে শোষণ-বঞ্চনা সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধেই ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোপূর্বে জনসভায় তিনি কলেজের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষায় তিনি বদ্ধপরিকর। কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকারের উচ্চ মহলে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন ইশরাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন এবং অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৬ এর আহ্বায়ক অধ্যাপক মো. মোতালিব হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Go to News Site