Somoy TV
সাগর থেকে উঠে এসে ডিম পেড়ে ফেরার পথে কুকুরের আক্রমণ থেকে প্রাণে রক্ষা পেয়েছে একটি মা কচ্ছপ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে কচ্ছপটির ১১৪টি ডিম।বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় দিকে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতের বালিয়াড়িতে এ ঘটনা ঘটে। হোটেল কর্মচারী মো. হোসাইন ও বিচ কর্মী মো. বেলালের তাৎক্ষনিক উদ্যোগে কচ্ছপ ও ডিমগুলো রক্ষা পায়। কক্সবাজার জেলা প্রশাসনের ইনানীস্থ বিচ কর্মী মো. বেলাল বলেন, ইনানীস্থ তারকামানের একটি হোটেলের সামনে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে রাত ৯টার দিকে সাগরের নোনাজল থেকে উঠে আসে একটি বড় আকৃতির মা কচ্ছপ। পরে ২০ মিনিট পর্যন্ত মা কচ্ছপটি অনেকগুলো ডিম পেড়ে তা আবার বালি চাপা দেয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে কচ্ছপটি সাগরে ফিরে যাওয়ার সময় কুকুরের আক্রমণের কবলে পড়ে। তাৎক্ষণিক হোটেল কর্মচারী মো. হোসাইন এগিয়ে এসে কুকুরের দলকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। পরবর্তী আমাকে খবর দেয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কুকুরের দলকে সরিয়ে দিয়ে মা কচ্ছপটিকে নিরাপদে সাগরে ফিরে যেতে সহায়তা করি। আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো অলিভ রিডলি প্রজাতির মৃত কচ্ছপ বিচ কর্মী মো. বেলাল আরও বলেন, মা কচ্ছপটি সাগরে ফিরে যাওয়ার বালি চাপা দেয়া ডিমগুলো উদ্ধার করা হয়। একে একে বালির নিচ থেকে মা কচ্ছপটির ১১৪টি ডিম উদ্ধার করে সংরক্ষণ করা হয়। পুরো বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। এরপর বিষয়টি বনবিভাগে খবর পাঠানো হয়। পরবর্তীতে ডিমগুলোতে কচ্ছপের হ্যাচারিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
Go to News Site