Somoy TV
ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উত্তর ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরাইলি-মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে গোষ্ঠীটি।টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরাইলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’ এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে ছোড়া একটি রকেট ঠেকিয়ে দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থাতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। যা লেবানন ও অন্যসব রণাঙ্গনে কার্যকর হবে। হিজবুল্লাহ জানায়, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে। কিন্তু তা মানতে চাইছে না ইসরাইল। যুদ্ধবিরতির পর ইরানে হামলা থামলেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি। বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বলছে, তারা ইরানে মার্কি হামলা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করলেও এটা লেবাননের ওপর কার্যকর হবে না। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতভর ও বুধবার (৮ এপ্রিল) রাজধানী বৈরুতসহ বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইলি বিমান বাহিনী জানায়, মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। আরও পড়ুন: লেবাননে ইসরাইলি বিমান হামলার নিন্দা জাতিসংঘ মানবাধিকার প্রধানের ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। নেতানিয়াহুর সুরেই কথা বলছে ওয়াশিংটন। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসও জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কি না, তা নিয়ে আলোচনা চলতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। একই সুরে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত অস্ত্রবিরতি চুক্তিতে লেবানন ইস্যু অন্তর্ভুক্ত নয় বলে সাফ জানিয়েছেন তিনি। সাংবাদিকদের ভ্যান্স বলেন, লেবানন ইস্যুতে ইরান যদি সমঝোতা থেকে সরে আসে, তবে তা হবে চরম বোকামি। এদিকে লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ। একইসঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। আরও পড়ুন: লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ২৫৪, ফের বন্ধ হরমুজ প্রণালী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণ যুদ্ধবিরতি নয়তো ইসরাইলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ, যেকোনো একটি পথ বেছে নিতে হবে।
Go to News Site