Jagonews24
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণভোটে জনগণের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় ছাত্রশক্তি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা দেখছি ২০টি অধ্যাদেশের চারটি বাতিল ও ১৬টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। আমরা বুঝতে পারছি বর্তমান সরকার কোনো এক এস্টাবলিশমেন্টের জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারের কি এটুকু স্বকীয়তা নেই যে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। যাদের গ্রিন সিগনালে এ অধ্যাদেশ স্থগিত করা হয়েছে তারাই হাসিনাকে স্বৈরাচার বানিয়েছিল। আপনাদের সরকারের যদি বৈধতা থাকে তাহলে ৭০ শতাংশ জনগণের দেওয়া ম্যান্ডেটও মানতে হবে। সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে তারা এখন সেই আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি ও সংসদে নীরবতা জনগণের রায়ের প্রতি অবহেলার প্রমাণ। সরকার নিজেদের ঘোষিত প্রতিশ্রুতি ও সংস্কার এজেন্ডা থেকেও পিছিয়ে যাচ্ছে। যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তাই অবিলম্বে জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/জেআইএম
Go to News Site