Somoy TV
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার কার্যালয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গুরুত্বপূর্ণ এই বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।বৈঠকের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম ও ধারাবাহিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শ্রমবাজার এবং জনশক্তি রফতানি খাত। উভয় দেশ একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে, যাতে কোনোভাবেই কর্মীরা শোষণের শিকার না হন। শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম রোধে দুই পক্ষই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। শ্রমবাজারের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে, যা দুই দেশের অর্থনীতির জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে। আরও পড়ুন: শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় মালয়েশিয়ার নতুন পদক্ষেপ এছাড়া শিক্ষা খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই পদক্ষেপগুলো দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন আরও দৃঢ় করবে বলে নেতারা একমত পোষণ করেন। বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের গতিধারা নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। বহুমুখী খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে এই ফলপ্রসূ বৈঠকটি শেষ হয়।
Go to News Site