Somoy TV
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ও ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রাকিব হোসেন (২০) নামে এক ব্যবসায়ী ও ইমরান (১৩) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার ফতুল্লা থানাধিন এনায়েতনগর ইউনিয়নের চাঁদনি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানান, চাঁদনি হাউজিং এলাকায় বেস্ট ইস্ট কম্পোজিট নামে একটি গার্মেন্টস কারখানার ঝুট ও ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারি অভি, মনির, আরিফ গ্রুপের সঙ্গে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ গ্রুপের অনুসারিদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতংক সৃষ্টি করে। সংঘর্ষ ও গুলিবর্ষণের এক পর্যায়ে সেখানে থাকা এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে ইট বালু ব্যবসায়ি রাকিব ও কিশোর বয়সের পথচারি ইমরান গুলিবিদ্ধ হন। রাসেলের ডান হাতের কাঁধে ও ইমরানের পেটে একটি করে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ রাকিবকে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ও ইমরানকে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জীবন রক্ষায় সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়িরা তাদের দোকানপাট বন্ধ করে দেন। গুলিবিদ্ধ আহত রাকিব জানান, সকালে তিনি তার ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। ট্রাক থেকে ইট নামানো হচ্ছিল। তিনি বুঝে নিচ্ছিলেন। এসময় সেখানে একটি গার্মেন্টস কারখানার ঝুট ও ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি হয়। এতে রাকিবের হাতে ও ইমরান নামে এক কিশোর রাস্তা দিয়ে যাওয়ার পথে পেটে গুলিবিদ্ধ হয়। আরও পড়ুন: বলাৎকারের পর ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় শিশু সৈকতকে আহত রাকিব বলেন, ‘জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, তার সহযোগী অভি ও আরিফ, পাগলা হামিদ আমাকে গুলি করেছে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মুঠোফোনে সময় সংবাদের প্রতিবেদক কল দিলেও তিনি সাড়া দেন নি। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, ‘গার্মেন্টসের ওয়েস্টেজ মালামাল নিয়ে বিরোধ থেকে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে রাকিব নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ইমরান নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। কিন্তু আমরা নিশ্চিত হইনি। তার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেবো।’
Go to News Site