Somoy TV
প্রকাশ পেয়েছে পরিচালক আটলি পরিচালিত নতুন সিনেমা ‘রাকা’ ফার্স্ট লুক পোস্টার। আর সেটি দেখেই দক্ষিণী তারকা আল্লু অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ বলিউড বাদশাহ শাহরুখ খান।গত ৮ এপ্রিল ছিল আল্লু অর্জুনের জন্মদিন। সেদিনই প্রকাশ্যে আসে নায়কের অভিনীত নতুন সিনেমা 'রাকা'-র প্রথম পোস্টার। নতুন পোস্টার প্রকাশ্যে আসার পরই ভক্তদের আগ্রহ বেড়েছে সিনেমাটি নিয়ে। নেটিজেনরা আল্লুকে ভাসাচ্ছেন প্রশংসার বন্যায়। শাহরুখ খানও সামিল হয়েছেন এ তালিকায়। নিজের সামাজিক মাধ্যমে আল্লু অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। সেই সাথে নতুন সিনেমায় অভিনেতার নতুন লুকের প্রশংসা করেন। বলিউড বাদশাহ লেখেন,আল্লু অর্জুন যেমন অসাধারণ পোস্টারটিও তেমনই অসাধারণ হয়েছে। শাহরুখ জানান, সিনেমাটি ঘিরে তার আগ্রহ বাড়ছেই। এ সিনেমা ব্লক বাস্টার হিটের নতুন অভিজ্ঞতা দেবে বলেও উল্লেখ করেন তিনি। শাহরুখের এমন বার্তার জবাবে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন আল্লু। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা জানান, শাহরুখের এ প্রশংসায় আপ্লুত আল্লু। কৃতজ্ঞতা জানিয়ে নায়ক বলেন,এ জন্মদিনটি শাহরুখের শুভেচ্ছায় আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। আরও পড়ুন: ‘রাকা’র ফার্স্ট লুকেই বাজিমাত আল্লুর প্রকাশিত ‘রাকা’ সিনেমার পোস্টারে এক শক্তিশালী, রুক্ষ চরিত্রে ধরা দিয়েছেন আল্লু অর্জুন। মাথা প্রায় মুণ্ডিত, ঘন দাড়ি আর পশমে আচ্ছাদিত বিশাল নখের ভয়ংকর হাত। পোস্টারে অভিনেতার তীক্ষ্ণ দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে ভয়হীন এবং প্রভাবশালী এক চরিত্রের। আরও পড়ুন: ‘ধুরন্ধর’র সাফল্যে অনেকেরই গা জ্বলছে: জাকির খান পুনর্জন্মের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘রাকা’। সান পিকচার্স প্রযোজিত এ সিনেমায় অতীত আর বর্তমান, দুই সময়কাল মিলেমিশে তৈরি করবে এক ভিন্ন জগত। প্যান-ইন্ডিয়ান ফ্যান্টাসি-অ্যাকশনধর্মী এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।
Go to News Site