Somoy TV
গোপালগঞ্জে জ্বালানি তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যানবাহন চালকরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মান্দারতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ সৃষ্টি করা হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলার নিগি ফিলিং স্টেশনের সামনে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আটকা পড়ে কয়েকশ যানবাহন। পাম্পে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখা হচ্ছে অভিযোগ গ্রাহকদের। আরও পড়ুন: ফিলিং স্টেশন থেকে ৫০০ টাকার তেল নিয়ে স্টার্ট দিতেই পুড়ল মোটরসাইকেল পাম্প কর্তৃপক্ষের দাবি উপজেলা নির্বাহী অফিসার ও ট্যাগ অফিসারের স্বেচ্ছাচারিতার কারণে পাম্পের স্টাফরা চাকরি ছেড়ে চলে গেছেন। জনবল সংকটে সকাল থেকে তেল সরবরাহ করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমাধানের আশ্বাস দিলে প্রায় ১ ঘন্টা পর বিকেল ৩টা ১০ মিনিটে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
Go to News Site