Somoy TV
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে কোনো পাত্তাই দেয়নি পিএসজি। ঘরের মাঠে দাপুটে জয় তুলে নিয়েছে তারা। তারপরও ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন কোচ লুইস এনরিক।বুধবার (৮ এপ্রিল) রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডিজাইরে দুরের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধে অবশ্য সেই কাজটি করেন খভিচা খভারেৎস্খেলিয়া। ৬৫তম মিনিটে বাম প্রান্ত থেকে একক প্রচেষ্টায় ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে দারুণ গোল করেন তিনি। চলতি আসরে এটি তার অষ্টম গোল, আর টানা চারটি নকআউট ম্যাচে গোল করার কীর্তিও গড়লেন এই জর্জিয়ান তারকা। তবে ম্যাচে একাধিক ভুলের কারণে সবচেয়ে আলোচিত ছিলেন উসমান দেম্বেলে। একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। ৫৩তম মিনিটে কাছ থেকে শট উড়িয়ে দেন, পরে একটি শট পোস্টে লাগান। এমনকি পেনাল্টির সুযোগও পায়নি পিএসজি—ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে একটি বাতিল হয়, আরেকটি আবেদনও নাকচ করা হয়। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘আমরা খুব ভালো খেলেছি, কিন্তু আরও গোল করা উচিত ছিল। এটা কিছুটা হতাশার।’ আরও পড়ুন: বিশ্বকাপ মিসের আঘাতেই প্রকাশ্যে ইতালিয়ান ফুটবলের গভীরের সংকট হতাশা ছিল মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির কণ্ঠেও। তিনি বলেন, ‘জয় পেয়েছি ঠিকই, তবে হতাশাও আছে। আরও ৩-৪ গোল করলে নিশ্চিন্ত থাকা যেত।’ দ্বিতীয় লেগ হবে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে। অতীতে বড় ব্যবধান ঘুরিয়ে দেওয়ার নজির আছে ইংলিশ ক্লাবটির। ২০১৯ সালে বার্সেলোনার বিপক্ষে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল তারা। আরও পড়ুন: রেফারির সিদ্ধান্ত নিয়ে ফ্লিকের ক্ষোভ তাই ২-০ এগিয়েও সতর্ক লুইস এনরিক। তিনি বলেন, ‘আমরা রক্ষণে খেলতে যাচ্ছি না, তবে অ্যানফিল্ডে কঠিন সময় আসবে, সেটাও জানি।’
Go to News Site