Collector
হজ ব্যবস্থাপনায় গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী | Collector
হজ ব্যবস্থাপনায় গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী
Jagonews24

হজ ব্যবস্থাপনায় গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী

হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহজভাবে নেওয়া হবে না। হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্পে এই সভার আয়োজন করা হয়। ধর্মমন্ত্রী বলেন, এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম হজ। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে।  তিনি আরও বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এবারের হজ ব্যবস্থাপনায় যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন মন্ত্রী। সভায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন তারা।  এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।  সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সাউদিয়া, ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আরএমএম/এমএমকে

Go to News Site