Somoy TV
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শুক্রবার (১০ এপ্রিল) থেকে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন। রিজভী বলেন, ‘শুক্রবার থেকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফরম পাওয়া যাবে। বেলা ১১টা থেকে এ ফরম সংগ্রহ করা যাবে। ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।’ তিনি বলেন, ‘প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে। জমা দেয়ার সময় জমানত দিতে হবে ৫০ হাজার টাকা।’ আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। নির্বাচন কমিশন সচিব জানান, আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। আরও পড়ুন: অহেতুক কিছু বিষয়ে সমস্যা তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
Go to News Site